১৭ আগস্ট থেকে ফেরি পারাপারে ২০ শতাংশ ভাড়া বাড়ছে
- প্রকাশিত : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ৩৩০ বার পঠিত

১৭ আগস্ট থেকে ফেরি পারাপারে ২০ শতাংশ ভাড়া বাড়ছে
দেশজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ফেরি পারাপারে ফের ২০ শতাংশ ভাড়া বাড়ানো হচ্ছে।
আগামীকাল বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে দেশের সব রূটের ফেরিতে এ ভাড়া কার্যকর হবে।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান শামীম আল রাজী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, ১৬ জুন ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল। এ নিয়ে দু’মাসের ব্যবধানে ৪০ শতাংশের বেশি ভাড়া বাড়ানো হলো।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বর্তমানে ফেরিতে যে ভাড়া নেওয়া হচ্ছে তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ করা হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট, শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাটি-ভেদুরিয়া এ ছয় রুটে ফেরি চলাচল করে।
এতদিন পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে (ভ্যাট ছাড়া) একটি এক টনের পণ্যবাহী যানবাহনের জন্য ৮৮০ টাকা, বড় বাসের জন্য ২ হাজার ১০০ টাকা, মাইক্রোবাসের জন্য ১০০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০ টাকা করে ভাড়া দিতে হতো।
















